কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. জোবায়েদ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গালখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস করে আসছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) উদ্ধার করা হয়। এর মধ্যে ১ টি কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি।
তিনি জানান, একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







