আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১, চকরিয়া-পেকুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের চেতনা নির্মূলের ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে।

আর এই ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ দিতে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে নেতৃত্বহীন করতে ঘাতকরা ১৯৭৫ এর ৩ নভেম্বর জেলখানার অভ্যন্তরে নৃসংশভাবে হত্যা করে জাতির শ্রেষ্ট সন্তান জাতীয় ৪ নেতাকে।
তিনি ৩ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জেলা হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। বর্তমান সাংসদের নানা অপকর্মের কারণে দলের ভাবমূর্তি সাংঘাতিকভাবে বিনষ্ট হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একজন সৎ, যোগ্য ও কর্মীবান্ধব প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য সর্বমহল থেকে জোর দাবী উঠেছে।
সভায় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে- একজন পরিচ্ছন্ন ও সৎ নেতা হিসেবে দীর্ঘকাল ধরে কক্সবাজার জেলা আওয়ামী লীগকে নেতৃত্ব দানকারী সালাহউদ্দিন আহমদ সিআইপিকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক আহবায়ক প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন,
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোসাইন, সাবেক ত্রাণ সম্পাদক শফিউল আলম বাহার, কাউন্সিলর মোহাম্মদ হানিফ, সাংবাদিক মিজবাউল হক, আমান উদ্দিন, জসিম উদ্দিন টিটু, ইকবাল দরবেশী ও সাহাবউদ্দিন প্রমুখ।







