ঘুর্ণিঝড় হামুনের রাতে চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে গরু চুরি করে কক্সবাজারের চকরিয়ায় পৌঁছে রেললাইনের কাদা মাটিতে আটকে গিয়ে গাড়িসহ দুইটি চোরাই গরু পুলিশ উদ্ধার করেছে।
গতকাল বুধবার ভোরে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের পশ্চিমে রেললাইনে ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।
এসময় পুলিশ চোরাই গরুসহ মাইক্রোবাসটি জব্দ এবং মাইক্রোবাস চালকসহ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাজলী বাপেরচর এলাকার শাহজাহান (৩০) ও সাহারবিল ইউনিয়নের রামপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল (৫৬)। তাদের মধ্যে শাহজাহান জব্দকৃত মাইক্রোবাস (নং চট্টমেট্রো চ ১১-৩৬৯৬) গাড়ির মালিক ও চালক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মঙ্গলবার রাতে ঘুর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিলেন, ঠিক ওইসময় সংঘবদ্ধ একটি চোরের দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাও থানা এলাকায় হানা দিয়ে একটি খামার থেকে দুইটি অস্ট্রেলিয়া জাতের গরু লুটে নেয়। পরে চোরের দল একটি মাইক্রোবাস গাড়িতে করে গরু দুটি নিয়ে কক্সবাজারের দিকে রওয়ানা দেন।
ওসি বলেন, চোরাই গরুসহ মাইক্রোবাস গাড়িটি গতকাল ভোরে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের পশ্চিমে রেললাইনের কাদা মাটিতে আটকে যায়।
ওইসময় স্থানীয় কৌতূহলী জনগণ সেখানে গিয়ে দেখতে পান মাইক্রোবাসের ভেতরে দুটি গরু রয়েছে।
এতে জনগণের মাঝে সন্দেহ দেশের দিলে তাঁরা স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নাকে ঘটনাটি জানান।
ওসি জাবেদ মাহমুদ আরও বলেন, ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না গরু চোরদের ব্যবহৃত ওই মাইক্রোবাসটি কিছুদিন আগে তাকে (চেয়ারম্যান) হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ব্যবহার করা গাড়ী বলে সনাক্ত করে নিকটস্থ মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে গাড়িটি আটকে সহযোগিতা চান।
এরপর মাতামুহুরী পুলিশ ফাঁড়ির সদস্যরা ভোররাতে ঘটনাস্থলে পৌঁছে একটি চোরাই গরুসহ মাইক্রোবাস গাড়িটি জব্দ এবং চালক শাহাজাহানকে আটক করে।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, গাড়িতে দুটি গরু থাকলেও গতকাল সকাল আনুমানিক নয়টার দিকে মাতামুহুরী পুলিশ টিম একটি উদ্ধার করতে পারেনি জানালে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করি।
একপর্যায়ে আটককৃত বাবুল নামের ওই ব্যক্তির বাড়ি থেকে অপর চোরাই গরু উদ্ধার করি।
ওসি বলেন, গরু চুরির ঘটনায় চট্টগ্রামের চান্দগাও থানায় মামলা রুজু হয়েছে। একারণে উদ্ধারকৃত গরু ও আটককৃত দুইজনকে আইনী প্রক্রিয়া শেষে গতকাল রাত সাড়ে দশটায় চান্দগাও থানা পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।







