পার্বত্য বাইশারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গহীন পাহাড়ে রাবার প্লটে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)।
সে উপজেলার উক্ত ইউনিয়নের করলিয়ামুরার মৃত মোহাম্মদ আলীর পুত্র। সে পেশায় দিন মজুর বলে মৃত যুবকের চাচা মোঃ আলম জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাবার বাগানের শ্রমিকেরা রবিবার ভোরে রাবারের কষ সংগ্রহ করতে যাবার সময় ৬ নং রাবার বাগানের মাঝখানে পাহাড়ের চলাচল পথে লাশ দেখতে পায়।
তারা বাগানের সুপারভাইজার হিরোকে ঘটনাটি জানালে তিনি ম্যানেজারকে মোবাইল ফোনে অবহিত করেন।
ম্যানেজার আল আমিন বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহাকে মোবাইল ফোনে জানান।
তিনি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল্লাহ ভূইয়াকে ঘটনাস্থলে প্রেরণ করেন।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছেন।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, নিহতের শরীরের আঘাত ও দেশীয় তৈরী অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। তবে মেডিকেল রিপোর্টে সব কিছু জানা যাবে বলে তদন্ত কর্মকর্তা জানান।
নিহত যুবকের চাচা শাহাবুদ্দিন জানান রাত ৯ টায় পর্যন্ত সে এলাকাতে ছিল। হয়ত গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এবং মামলা ও হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে নিহতের চাচা বাদী হয়ে মামলা করবেন বলে জানান।







