অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। সবগুলো দলই দু’টি করে ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর শেষ হবে প্রস্তুতিমূলক ম্যাচ। গুয়াহাটি, হায়দারাবাদ ও তিরুবানানথপুরম হবে ম্যাচগুলো।
২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ।







