১১ আগস্ট চকরিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম সাহাবুদ্দিন চৌধুরীর ৩৮তম মৃত্যু বার্ষিকী। তিনি ছিলেন বায়ান্নের ভাষা সৈনিক ও আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
তিনি কক্সবাজার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ছিলেন। ১৯৬৮ সালে চকরিয়া কলেজ প্রতিষ্ঠার সময় তিনি কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে চকরিয়ায় এসে চকরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন।
চকরিয়া কলেজকে সরকারিকরণের দাবী জানাতে গিয়ে ১৯৮৫ সালে তৎকালীন এরশাদ সরকারের রোষানলে পড়েন তিনি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরে সীমাহীন মানসিক যন্ত্রণা নিয়ে তিনি অকাল প্রয়াত হন ১৯৮৫ সালের ১১আগস্ট।
তারপর বহুদিন তাঁর সেই স্বপ্ন ছিল অধরা। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বদান্যতায়, চকরিয়া কলেজ পরিচালনা পরিষদের তৎকালীন সভাপতি সালাহউদ্দিন আহমদ সিআইপি , চকরিয়া কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় মরহুমের স্বপ্ন, চকরিয়াবাসীর প্রাণের দাবী বাস্তবায়িত হলো ৮ আগস্ট ২০১৮ তারিখে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১১ আগস্ট মরহুমের চকরিয়ার ডুলাহাজারাস্থ নিজবাড়িতে কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।







