কক্সবাজারের পেকুয়ায় পুর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতা পারভেজ উদ্দিন নিশানকে (২৫) হত্যাচেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পারভেজ উদ্দিন নিশান মগনামা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুহুরি পাড়া এলাকার মোঃ মফিজের ছেলে।
আহত পারভেজ উদ্দিন নিশান বলেন, মগনামা লঞ্চঘাট থেকে বাইক চালিয়ে নিজের বাড়িতে ফেরার পথে মিয়াজি পাড়া রাস্তার মাথায় পৌঁছালে বেশ কয়েকজন সন্ত্রাসী আমার পথরোধ করে। এসময় অতর্কিতভাবে ইউনিয়নের আফজালিয়া পাড়া এলাকার নুরুন্নবীর ছেলে ছোটনের নেতৃত্বে আমির, আনসার, কাইছার, শহিদুল্লাহ, সোনা মিয়া ও বাদলসহ ১৫-২০ জনের সংঘবদ্ধ এক দল সন্ত্রাসী আমার ওপর হামলা শুরু করে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, ছাত্রলীগ নেতা নিশান আমার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত আছেন। তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ধারালো কিরিচ ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার মাথায়, পিঠে এবং পায়ে গুরুতর জখম হয়েছে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে রক্ষা না করলে সন্ত্রাসীরা তাকে মেরেই ফেলত। পরে, আমরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের পাওয়া যায়নি। পলাতক অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, ভুক্তভোগীর পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







