কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরে মাছ ধরার জালে আটকা পড়েছে একজন মানুষের মরদেহ। শুক্রবার (৪ আগস্ট) রাত ১১টায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, জালে আটকাপড়া ব্যক্তির নাম কপিল উদ্দিন (৫৫)। তিনি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুকুরিয়া পাড়ার রফিক উদ্দিনের ছেলে। তিনি ওই চিংড়ি ঘেরের মালিক বলে জানা গেছে।
বদরখালীর বাসিন্দা জসিম উদ্দিন বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কপিল চিংড়ি ঘেরে যায় পলবোট মেরামত করতে। রাত পৌনে ১২টার দিকে হঠাৎ ফেসবুকে দেখি তার মরদেহ পাওয়া গেছে। সে কিভাবে মারা গেছে এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই চিংড়ি ঘেরের মালিক বলে জানা গেছে। কিভাবে তার মৃত্যু হলো সেটি জানার চেষ্টা চলছে।







