কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘন্টার মাথায় শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাত (৮) মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার বিকাল ৫ টার দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
এর আগে তিনি জানিয়েছিলেন, বৃহস্পúতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে। ফারিহা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যাননি। রাতে আমার মোবাইল ফোনে ০১৮৪৬৪৫৫৫০৫-এ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছিল।
মরদেহ উদ্ধারের পর টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে শুক্রবার সকালে জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তারপরও খবরটি শুনে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শিশু শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।







