১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। ২৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে ত্রিবার্ষিক এই সম্মেলন।
শুক্রবার বিকেল তিনটায় শহরের বাহারছড়া গোল চত্বর বীর মুক্তিযোদ্ধা মাঠে উদ্বোধন হবে এই সম্মেলনের।
সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই সম্মেলনে নির্ধারিত হবে কক্সবাজার জেলার আগামীর নেতৃত্ব। আর সে লক্ষ্যে অর্ধশতাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাঠে রয়েছে।
বিপুলসংখ্যক প্রার্থী মাঠে থাকলেও দুই পদে আলোচনার শীর্ষে রয়েছেন সভাপতি পদে ৩ এবং সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৬ প্রার্থী।
এদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সম্মেলন প্রস্তুতি আহবায়ক রহিম উদ্দিন যিনি ইতিপূর্বে ১৪ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপর প্রার্থী হিসেবে আছেন একই কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট একরামুল হুদা।
এই দুজন ছাড়াও আলোচনায় জয়নাল আবেদীন হাজারী নামের আরেক প্রার্থী। এই তিনজন ছাড়াও সভাপতি পদে রয়েছে ত্রিশের অধিক প্রার্থী। তবে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় আছেন উল্লেখ করা এই তিনজন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আছেন
তিন প্রার্থী। তারা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম এবং কাজী রাসেল।
সভাপতি পদের মতো সাধারণ সম্পাদক পদেও প্রায় ২০ জন প্রার্থী। তবে এই আলোচনায় আছেন উল্লেখ করার মতো তিনজন।
একটি সূত্র বলছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে কোন কমিটি ঘোষণা নাও করতে পারেন। সম্মেলন শেষে ঢাকা ফিরে কেন্দ্র হতে কমিটি ঘোষণা হতে পারে।







