কক্সবাজারের পেকুয়ায় বাগানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে জাফর আলম (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউনিয়নের দুর্গম পাহাড় তুলাইম্মা খোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম উপজেলার টইটং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আবাদি ঘোনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন বলেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলদিয়ার ঘোনা এলাকায় বাগানের কাজ চলছিল। নিহত জাফর আলমসহ আমরা বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনটি বন্যহাতি সামনে এসে পড়ে। এসময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ২০২১-২২ অর্থ বছরের হলদিয়ারঘোনা এলাকায় বাগানে চারা রোপন কাজ চলছিল। জাফর আলম বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন। উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, আইনি প্রক্রিয়ায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।







