কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশর এর ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪) এরা তিনজন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদ এর ছেলে এনাম উল্লাহ (২৩), একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), উখিয়ার ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের এর ছেলে আরিফ উল্লাহ (৩০)। আটকদের বিকাল তিনটার দিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৭জুলাই) গভীর রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) ফারুক আহমেদ। তিনি বলেন,গত ক্যাম্প থেকে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়েছে।
আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাম্পে অভিযান চলমান রয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,
ক্যাম্পে পাঁচজন নিহতের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা দেওয়া হয়নি। তাই এখন পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।







