র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে নুর নাহার (৪০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে র্যাব-১৫ সিপিএসসি এর একটি দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত নুর নাহার কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইটহাউজ এলাকার মোহাম্মদ ছৈয়দের মেয়ে।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেরে সন্দেহজনকভাবে কৌশলে গাড়ীযোগে পালানোর চেষ্টাকালে নূর নাহার নামের মহিলা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
এসময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক গ্রেফতারকৃত নারীর দেহ ও সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের মিডিয়া সেলের পরিচালক বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত নারী মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।







