বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশের মঙ্গল কামনার মাধ্যমে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে শুরু হয় ঈদ জামাতের মোনাজাত।
৫ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।
এতে বাংলাদেশসহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাসেমী।
ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মোনাজাত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী একে অপরকে আলিঙ্গন করেন এবং কুশল বিনিময় করেন।
পরে জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এছাড়াও পশুর বর্জ্য দ্রুত অপসারণের আহ্বান জানান জেলা প্রশাসক।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত শুরু হয় সকাল ৮টায়।







