তুচ্ছ ঘটনার জের ধরে টেকনাফে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় হাসপাতাল নেওয়ার পথে রবিউল হাসান (২৪) নামের ওই যুবকের মৃত্যু হয়। নিহত রবিউল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার করিমের ছেলে।
জানা যায়, রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে রবিউল ঔষধ নিতে আসলে একই এলাকার মো. সাইফুল (২২) হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এর আগে শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে চিংড়ি প্রজেক্টের টাকার লেনদেন নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
নিহত রবিউলের ভাই আবদুল্লাহ জানান, গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে রবিউল মারা যায়।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, লাশ ময়নাতদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







