চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে কোটি টাকার চেক বিতরন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) সকাল ১০ টার দিকে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্ব ও বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার ও টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, এ প্রকল্পের আওতায় বারবাকিয়া রেঞ্জের সাতটি গ্রাম সংরক্ষণ দলের ৩১৬ জন সুবিধাভোগীর মাঝে সদস্য প্রতি ২৫,২০০ টাকা করে মোট ৭৯ লাখ ৬৩ হাজার ২০০ টাকা ঋণ প্রদান করা হয়। এ অর্থ বন নির্ভর পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
উক্ত সভায় বারবাকিয়া রেঞ্জের আওতাধীন তিনটি বনবিটের বিট কর্মকর্তা, বনরক্ষীরা, সুবিধাভোগী সদস্যরা ও নানা শ্রেণীর পেশাজীবিরা উপস্থিত ছিলেন।







