কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
২৭ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব টৈটং গর্জনিয়া পাড়া এলাকায় আত্মহত্যার এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা যুবক ফরিদুল আলম (২৫) ইউপির পূর্ব টৈটং গর্জনিয়া পাড়া এলাকার আকতার হোছাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদুল আলম দীর্ঘদিন ওমানে ছিলেন। গত দুই মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে বিয়ে করতে, কিন্তু মা ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় পাত্রী দেখেন।
তবে ফরিদুল আলমের বাঁশখালী উপজেলার গুনাগুরী এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকায় অন্য পাত্রীদের সাথে বিয়ের অসম্মতি জানায় এবং প্রেমিকাকে বিয়ের সম্মতি জানালে তার পরিবার রাজি না হওয়ায় ঐ মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। আগামী ২ মার্চ বিয়ের তারিখ ঠিক হওয়ায় প্রেমিক ফরিদুল আলম আত্মহত্যা করে বলে জানান তারা।
নিহতের মা রেহেনা বেগম বলেন, সকালে আমরা বাড়ি বাহিরের উঠানে কাজ করছিলাম কিছুক্ষণ পর দেখলাম বাড়ির সব দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় ফাঁস লাগিয়ে আমার ছেলে ঝুলিয়ে আছে।
পেকুয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করি।







