পার্বত্য জেলা বান্দরবানের জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৩ এ লামা উপজেলা ফুটবল টিম অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। (২৬ শে ফেব্রুয়ারি) রবিবার বিকেলে লামা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বিশেষ অতিথি পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন, টিম ম্যানেজার অমর কান্তি চৌধুরী, সাংবাদিক, খেলোয়াড়, টুর্নামেন্টের দায়িত্বরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ মোস্তফা জামাল বক্তব্য বলেন, ‘বান্দরবান জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৩ এ লামা উপজেলা ফুটবল এই উপজেলায় সুনাম বয়ে এনেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। লামা থেকে যেন প্রতিবছর আরও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
লামা প্রতিনিধি জানান, জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন লামায় আসার পথে ফুলেল শুভেচ্ছা আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তারা। উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে তাদের বরণ করে নেওয়া হয়। দেওয়া হয় বিশাল গণসংবর্ধনা। এ সময় সাধারণ মানুষ কৃতী ফুটবলারদের হাত নেড়ে অভিনন্দন জানায়।
খেলোয়াড়দের মাঝে বক্তব্য রাখেন -টিম ক্যাপ্টেন মোঃ আরিফ, ফাহিম ও শাহিন। তারা বলেন- আমাদেরকে একটা মাঠ দেন, আমরা ভালো খেলা উপহার দেব। আমরা অনেক কষ্ট করে এখানে আসতে পেরেছি। যদি আমাদের জন্য নিয়মিত প্র্যাকটিস করার উদ্যোগ নেওয়া হয় তাহলে আরও অনেকেই উঠেব আসবে। অনেকের বাড়ি দূরে।
খেলার মাঠে এসে প্রতিদিন খেলাধুলা করার মতো সামর্থ্য নেই। অনেক খেলোয়াড় গাড়ি ভাড়ার অভাবে প্রতিদিন যাতায়াত করতে পারে না। এখানে যদি খেলাধুলার জন্য সুব্যবস্থা করা হয়। তাহলে দরিদ্র পরিবারের খেলোয়াড় নিয়মিত প্র্যাকটিসের সুযোগ পাবে বলে আশা করি।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দেরকে ফুল, সম্মানী ও তাদের কোচকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।







